সূত্র যুগান্তর 

ঢাকা, ২৮ নভেম্বর: ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও দেশের সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।



বিবৃতিতে শেখ হাসিনা উল্লেখ করেন যে, চট্টগ্রামে একজন আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে এবং তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, "এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তি দিতে হবে।" তিনি অভিযোগ করেন, একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন এবং তাদের বিচার হওয়া প্রয়োজন।

শেখ হাসিনা আরও যোগ করেন, "অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তবে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে।" তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানান, ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

ব্যবস্থাপনার অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "বর্তমান ক্ষমতাসিন সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতা প্রদর্শন করছে।" তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং সাম্প্রদায়িক সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নেত্রী বলেন, "সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের এক শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।" তিনি চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়ার ঘটনার কথা উল্লেখ করে আরও বলেন, "এর আগে মসজিদ, মাজার, গির্জা, মঠ ও আহমাদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে আক্রমণ ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সকল সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"